মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কক্ষের টেলিভিশন, এসি ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল প্রায় ৩টা ৫৫ মিনিটে সদর থানার ওসির অফিস কক্ষে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় আগুন থানার অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়তে পারেনি।
মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আদম আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অফিস কক্ষে থাকা একটি টেলিভিশনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত কক্ষের ভেতরে থাকা এসি, টেলিভিশন ও আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। প্রাথমিক হিসেবে অগ্নিকাণ্ডে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা যাবে।
বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ভিওডি বাংলা/জা









মন্তব্য