ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার
ইতালিতে বৈধভাবে পাঠানোর আশ্বাস দিয়ে এক তরুণকে কেনিয়ার একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে তোতা মাল (৬২) নামে এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব ১০।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মীর হাজিরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তোতা মাল মাদারীপুরের শিবচর উপজেলার বাজেহারচর এলাকার বাসিন্দা এবং এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব জানায়, মাদারীপুরের শিবচর উপজেলার উত্তরাইল এলাকার বাসিন্দা মো. তামিমকে ইতালিতে পাঠানোর কথা বলে ২০২৪ সালের ২৮ নভেম্বর তার পরিবারের কাছ থেকে ১৬ লাখ টাকা নেয় তোতা মালসহ একটি দালাল চক্র। তবে ইতালির পরিবর্তে প্রথমে তাকে শ্রীলঙ্কায় নেওয়া হয়। সেখানে কিছুদিন আটকে রাখার পর অবৈধভাবে ভারতে এবং পরে কেনিয়ায় পাচার করে একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়।
র্যাবের দাবি, কেনিয়ায় নেওয়ার পর তামিমকে মুক্ত করার শর্তে তার পরিবারের কাছে আরও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবার তিন লাখ টাকা পরিশোধ করলেও তিনি দেশে ফিরতে পারেননি।
এ ঘটনায় গত ১৫ মার্চ তামিমের মা শিবচর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। মামলার তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত তোতা মালকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ১০-এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মানব পাচারসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে সংস্থার অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য