পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, হামলাকারীসহ নিহত ২৭
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলায় সেনা, পুলিশ সদস্য ও হামলাকারীসহ ২৭ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) দেশটির সেনাবাহিনী র বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে আফগানিস্তান সীমান্তের কাছে দুর্গম এলাকায় রাতের আঁধারে এই হামলা চালানো হয়। দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। নিহতদের মধ্যে ১২ জন সেনা সদস্য, দুজন পুলিশ কর্মকর্তা এবং একজন বন কর্মকর্তা রয়েছেন। এছাড়া হামলাকারী ১২ জনও নিহত হয়েছে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলায় অবস্থিত ওই নিরাপত্তা চৌকিতে হামলাকারীরা প্রথমে প্রবেশের চেষ্টা করে। পরে বিস্ফোরকভর্তি একটি গাড়ি চৌকির সীমানা দেয়ালে ধাক্কা দেয়।
২০০৭ সাল থেকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে আসা সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জানিয়েছে, চারজন আত্মঘাতী হামলাকারী এই হামলায় অংশ নেয়।
হামলায় জড়িত অন্যদের খুঁজে বের করতে আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভিওডি বাংলা/এফএ









মন্তব্য