১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের ১০ জেলার ওপর দিয়ে শুক্রবার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এ ছাড়া বান্দরবানে ২৭, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৪, লক্ষ্মীপুরের রামগতিতে ১৭, চট্টগ্রামে ১৩, খুলনায় ১২, চট্টগ্রামের আমবাগানে ১১, কক্সবাজারে ১০ এবং ভোলায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য