• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কক্সবাজারে পাহাড়ধসে নিহত ৯

কক্সবাজার প্রতিনিধি    ৬ জুলাই ২০২৬, ০৭:৩৬ এ.এম.
পাহাড়ধস পুরনো ছবি: সংগৃহীত
পাহাড়ধস পুরনো ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে কক্সবাজারে পৃথক চারটি ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় ৮ রোহিঙ্গা নারী-শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) দিবাগত রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তিনটি এবং কক্সবাজার শহরের একটি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণের কারণে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় নারী-শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে।

রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ডি-৬ ব্লকে আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইনের (৪৪) বসতঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং ছেলে মোহাম্মদ আনাস (৪) নিহত হন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লকে রাত পৌনে ২টার দিকে পাহাড়ধসে চাপা পড়ে একরাম (৭) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। নিহত একরাম ওই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রশিদের ছেলে। ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ জানান, খবর পেয়ে রোহিঙ্গা স্বেচ্ছাসেবকেরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

ক্যাম্প প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ৩টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১১ ব্লকে আরেকটি পাহাড়ধসে নারী ও শিশুসহ চারজন নিহত হন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন— ওই ক্যাম্পের বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা (২৭) ও তার বোন তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রিহান (৫) এবং তার ভাই হারুনুর রশিদ (৩)।

উখিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে। সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, সোমবার ভোর ৪টার দিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ধসে আলী আকবর নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় একই পরিবারের তিনজন পাহাড়ধসে চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন।

এদিকে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী আরও দুই দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/আ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে ৭ দিনে ৫ খুন
ছবি: সংগৃহীত
বিচারের রায়ে মুছে যাবে জুলাইয়ের রক্তের দাগ: শ্রম প্রতিমন্ত্রী