যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি চিকিৎসক নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে দুর্বৃত্তদের গুলিতে মাহফুজুল হক হিমেল (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি অ্যাপভিত্তিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ডোর ড্যাশ’-এ কর্মরত ছিলেন।
জানা গেছে, অনলাইনে অর্ডার করা খাবার পৌঁছে দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন হিমেল। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাহফুজুল হক হিমেল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভেড়িবাজার গ্রামের বাসিন্দা। তিনি মৃত মোজাম্মেল হক (বাবু মাস্টার) ও মনোয়ারা বেগমের ছেলে।
স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনরা জানান, গত বুধবার (৮ জুলাই) বিকেলে হিমেলের গুলিবিদ্ধ হওয়ার খবর পান তারা। পরে রাত ১০টার দিকে হাসপাতালে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত হয়।
গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, বুধবার রাতেই হিমেলের মৃত্যুর খবর জানতে পারেন তিনি।
মাহফুজুল হক হিমেল রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি এক সন্তানের জনক। তার স্ত্রী মিনারা রহমানও একজন চিকিৎসক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত।
ভিওডি বাংলা/আ








মন্তব্য