শহীদ আবু সাঈদ চত্বরের নামে ছড়ানো ছবি ভুয়া, জানাল বাংলাফ্যাক্ট

শহীদ আবু সাঈদ চত্বরের ছবি বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। প্রতিষ্ঠানটি বলছে, ছবিটি ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে।
বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, শহীদ আবু সাঈদ চত্বরের প্রকৃত ছবি দাবি করে যে ছবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, সেটি বাস্তব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ছবিটি সম্পাদনা ও তৈরি করা হয়েছে।
ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে কেন্দ্র করে দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং কয়েকটি ফেসবুক পেজে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
এ ছাড়া সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি এবং নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম হিসেবে ‘বাংলাফ্যাক্ট’ নিয়মিত ভুল, বিভ্রান্তিকর ও অপতথ্য যাচাই করে প্রকৃত তথ্য প্রকাশ করে। পাশাপাশি গণমাধ্যম ও সংবাদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কার্যক্রমও পরিচালনা করে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধের পাশাপাশি জনগণের কাছে নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য