ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে সিজান (২৫) নামে এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান ওই এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।
নিহতের বাবা ইন্নু মিয়া অভিযোগ করেন, স্থানীয় একটি মসজিদের ইমাম কাউসার সম্প্রতি এলাকায় একটি সামাজিক সংগঠন গড়ে তুলেছেন। শনিবার রাত ৮টার দিকে ইমাম কাউসারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন কিশোর ও যুবক তার ছেলে সিজানকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে মাসদাইর মোড়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়।
তার দাবি, মারধরের সময় পাইপ দিয়ে আঘাত করে সিজানের ডান পা ভেঙে ফেলা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরে দ্রুত খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মসজিদের ইমাম কাউসার। তিনি বলেন, সিজানের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল। তাকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বুঝিয়ে বলার উদ্দেশ্যে ডেকে আনা হয়েছিল। তবে সেখানে উপস্থিত কিছু উত্তেজিত ব্যক্তি তাকে মারধর করেন। এ ঘটনায় জড়িতরা তার লোক নন বলেও দাবি করেন তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। সিজানের শরীরে গুরুতর আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য