জনসেবার মাধ্যমেই মানুষের আস্থা অর্জনের আহ্বান আবদুস সালামের

জনগণের আস্থা অর্জনে বিএনপির নেতাকর্মীদের জনসেবামূলক কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করলে আগামী নির্বাচনে জনগণ তাদের কাছের মানুষকেই বেছে নেবে।
রোববার (১২ জুলাই) রাজধানীর লালবাগে বাংলাদেশ আই ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, এই ধরনের কাজকর্মের মাধ্যমে জনগণের কাছে যেতে হবে। সাধারণ মানুষ, গরিব মানুষ—যারা ইচ্ছা করলেও এ ধরনের চোখের অপারেশন করাতে পারে না, চিকিৎসা করাতে পারে না তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে।
তিনি বলেন, আগামীতে নির্বাচন আসবে। আমি বিশ্বাস করি, জনগণ যাদেরকে কাছে পায়, তাদেরকেই তারা বেছে নেবে।
বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই সাধারণ মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছেন। অন্যদিকে বিরোধী দল জনগণের কল্যাণে কর্মসূচি না দিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, পাঁচ বছরের জন্য একটি নির্বাচিত সরকার এসেছে। ছয় মাসও হয়নি, এখন থেকেই তারা আন্দোলনের কর্মসূচি শুরু করে দিয়েছে। এই সমস্ত ধমক দিয়ে বিএনপিকে টলানো যাবে না। বিএনপি জনগণের দল। সবসময় জনগণের পাশে আছে এবং ইনশাআল্লাহ জনগণের পাশেই থাকবে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন মানুষের আরও কাছাকাছি যাওয়ার সময়। সিটি করপোরেশনের মশা নিয়ন্ত্রণ, লেন ও রাস্তাঘাট পরিষ্কার এবং বিদ্যুতের বাতি জ্বালানোর মতো নাগরিক সেবাগুলো দ্রুত নিশ্চিত করতে হবে, যাতে জনগণ তাদের প্রাপ্য সেবা পায়। বিভিন্ন এলাকায় চলমান কাজের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি।
আগামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। জনগণ যদি আগামীতে তাকে মেয়র হিসেবে নির্বাচিত করেন, তাহলে জনগণের কল্যাণে প্রয়োজনীয় সব কাজ করবেন।
তিনি আরও বলেন, এলাকার সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদ ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন। হামিদুর রহমান হামিদ এবং তিনি একসঙ্গে কাজ করতে পারলে পুরোনো ঢাকার চেহারা বদলে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. মোশারফ হোসেন খোকন সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা।
ভিওডি বাংলা/জা








মন্তব্য