কিশোরীকে উত্যক্ত ও মারধরের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা

১৬ বছর বয়সী এক কিশোরীকে নিয়মিত পিছু নেওয়া, অশালীন আচরণ ও শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রোহিত চন্দেলকে। ২৯ বছর বয়সী এই অভিনেতাকে মুম্বাইয়ের দহিসর এলাকার নিজ বাসভবন থেকে শুক্রবার গ্রেপ্তার করে পন্ত নগর থানার পুলিশ।
টেলিভিশন ও ওয়েব সিরিজের পরিচিত মুখ রোহিতের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে বিনোদনজগতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে বিশেষ পকসো আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
অভিযোগ অনুযায়ী, ২৯ বছর বয়সী রোহিত চান্ডেল নিজের মোবাইল নম্বরসহ বিভিন্ন নম্বর থেকে ওই ১৬ বছরের কিশোরীকে বারবার ফোন করে উত্যক্ত ও হয়রানি করতেন। গত ৫ জুলাই কিশোরীটি তার আবাসনের কাছে পৌঁছালে অভিনেতা তার পথ আটকান এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কিশোরী প্রতিবাদ করলে রোহিত তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পরেই ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পন্ত নগর থানায় অভিযোগ দায়ের করা হয়।
মুম্বাই পুলিশ অভিযুক্ত অভিনেতার বিরুদ্ধে শিশুদের সুরক্ষা আইন বা পকসো আইনের অত্যন্ত কঠোর ধারায় মামলা রুজু করেছে। পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির অধীনে ‘স্টকিং’ বা পিছু নেওয়া এবং স্বেচ্ছায় শারীরিক আঘাত করার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছা এই অভিনেতার এমন অন্ধকার দিক প্রকাশ্যে আসায় সহকর্মী ও অনুরাগীদের মধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
ভিওডি বাংলা/তা








মন্তব্য