• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

এমপির ভিডিও বিতর্কের পর দুধ দিয়ে গোসল করে জামায়াত নেতার দলত্যাগ

  সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক ভিডিও বিতর্কের জেরে শ্যামনগরের নূরনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে দলীয় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দলত্যাগকারী মো. দেলোয়ার হোসেন হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তার পিতা মো. মুনসুর সরদার।

স্থানীয়দের ভাষ্য, গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত ভিডিও বিতর্কের পর ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে দেলোয়ার হোসেন দলীয় রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবে এলাকাবাসীর উপস্থিতিতে এক মণ দুধ দিয়ে গোসল করে তিনি জামায়াতে ইসলামীর সব সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন।

দেলোয়ার হোসেন বলেন, “সাম্প্রতিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একজন কর্মী হিসেবে এই পরিস্থিতি মেনে নিতে পারিনি। তাই বিবেকের তাড়না থেকে জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।”

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, দেলোয়ার দীর্ঘদিন ধরে জামায়াতের সক্রিয় কর্মী ও দায়িত্বশীল নেতা হিসেবে কাজ করেছেন। তাদের দাবি, সাম্প্রতিক ঘটনায় অনেক নেতাকর্মী মানসিকভাবে ব্যথিত হয়েছেন।

তারা আরও বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ওঠা অভিযোগ ও বিতর্কের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “দেলোয়ার হোসেন আমাদের ওয়ার্ড কমিটির একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন কি না, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি যাচাই করে বলতে হবে।”

উল্লেখ্য, গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক ভিডিও বিতর্কের পর সাতক্ষীরায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শ্যামনগরের এই ঘটনাও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ট্রেনে ফেলে আসা টাকাভর্তি ব্যাগ উদ্ধার করল ৯৯৯
ছবি: ভিওডি বাংলা
গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ-মানববন্ধন
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি