উড্ডয়নের পরই কারিগরি ত্রুটি, জরুরি অবতরণ করল এয়ার অ্যাস্ট্রা

ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এয়ার অ্যাস্ট্রার একটি উড়োজাহাজ উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। এক ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় ফিরে জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে।
রোববার (৫ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে বিমানে থাকা ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ফ্লাইটটির ঢাকা ছাড়ার কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা বিলম্বে দুপুর ১২টার দিকে উড্ডয়ন করে উড়োজাহাজটি। কিন্তু আকাশে ওড়ার দুই থেকে তিন মিনিটের মধ্যেই একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে।
পরিস্থিতি বুঝে পাইলট দ্রুত ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে বিমানটি।
তবে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে পরে অন্য একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়। বিকল্প ফ্লাইটে যাত্রীদের চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য