মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা। নিহত আলাউদ্দিন (৩৮) মীরসরাই উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আবুতোরাব সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের ছেলে। চলতি বছরের শুরুতে তিনি মীরসরাই উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে রোববার দুপুরে মোটরসাইকেলে করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাচ্ছিলেন আলাউদ্দিন। আবুতোরাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, “রোববার সকালে একটি তদন্ত-সংক্রান্ত কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন তিনি। পথে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় একজন আনসার-ভিডিপি কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।”
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য