সংরক্ষিত এমপিদের এলাকা পুরো বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যক্রম কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকায় সীমাবদ্ধ নয়। সংবিধান অনুযায়ী তারা দেশের যেকোনো এলাকায় সংসদীয় দায়িত্ব পালন এবং সরকারি বরাদ্দ ব্যয় করতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের ৬৫ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, জাতীয় সংসদ ৩০০ জন সরাসরি নির্বাচিত সদস্য এবং ৫০ জন সংরক্ষিত নারী সদস্য নিয়ে গঠিত।
তিনি জানান, ৩০০টি সাধারণ আসনের ক্ষেত্রে সীমানা নির্ধারণ আইন বা ডিলিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এ আইন কার্যকর নয়। তাদের নির্বাচনী এলাকা পুরো বাংলাদেশ।
সালাউদ্দিন আহমদ আরও বলেন, কোনো সংরক্ষিত নারী সংসদ সদস্য যদি নিজের কার্যক্রম একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রাখেন, তাহলে তা সংবিধানের ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ তারা সমগ্র দেশের প্রতিনিধিত্ব করেন। আইন অনুযায়ী একজন সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি বরাদ্দ দেশের যেকোনো স্থানে ব্যয়ের অধিকার তাদের রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট এলাকাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে দেখার সাংবিধানিক কোনো ভিত্তি নেই। তারা দেশের যেকোনো অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। এটি কোনোভাবেই একদলীয় শাসনের প্রতিফলন নয়, বরং সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক কাঠামোর অংশ।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য