• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আশুরার শিক্ষা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ০৮:৪৭ এ.এম.
কুতুববাগ দরবার শরীফ
ছবি: ভিওডি বাংলা

কুতুববাগ দরবার শরীফের পীর ও মুর্শিদ হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দী বলেছেন, পবিত্র আশুরার মহান শিক্ষা হলো সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা। ১০ই মহরম কারবালার প্রান্তরে আখেরি নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.)-এর মহান আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের পথে দৃঢ়ভাবে অটল থাকতে হবে।

পবিত্র আশুরা উপলক্ষে বৃহস্পতিবার রাতে ঢাকার ইন্দিরা রোডস্থ কুতুববাগ দরবার শরীফে আয়োজিত এক দ্বীনি জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আশুরা উপলক্ষে কুতুববাগ দরবার শরীফে রাতব্যাপী ওয়াজ মাহফিল, কোরআনখানি, জিকির-আসগার এবং দোয়া-মিলাদের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার জাকের, মুরিদ, ভক্ত ও আশেকান অংশ নেন। তারা রাতভর ইবাদত-বন্দেগি, জিকির ও ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রখ্যাত উলামায়ে কেরাম কোরআন-হাদিসের আলোকে পবিত্র আশুরার তাৎপর্য এবং কারবালার শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বয়ান পেশ করেন।

সৈয়দ জাকির শাহ নকশবন্দী বলেন, “আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার যতটুকু ভালোবাসা, তার ঈমানও ততটুকু পরিপূর্ণ। আহলে বাইতের প্রতি ভালোবাসা, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানই আশুরার মূল শিক্ষা।”

তিনি আরও বলেন, আশুরার এই শিক্ষা ধারণ করে আত্মশুদ্ধি অর্জন এবং ইসলামের আদর্শিক মূল্যবোধ বাস্তব জীবনে অনুসরণের মাধ্যমে একজন প্রকৃত মুমিন হিসেবে গড়ে উঠতে হবে।

রাতভর ধর্মীয় কর্মসূচি শেষে শুক্রবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বীনি জলসার সমাপ্তি হয়। এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ভিওডি বাংলা/এমআইএন/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল
ছবি: সংগৃহীত
আজকের নামাজের সময়সূচি
ছবি: সংগৃহীত
সহিংসতা রোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান ইসলামী আন্দোলনের