দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান

ফুটবল সমর্থনের দুনিয়ায় এবার ঘটল ভিন্নধর্মী এক ঘটনা। দীর্ঘদিন ব্রাজিল দলের সমর্থক থাকা মানিকগঞ্জের সজিব আহম্মেদ আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন। আর এই ‘সমর্থক বদলের’ ঘটনাকে ব্যতিক্রমীভাবে উদযাপন করতে তিনি দুধ দিয়ে গোসল করেন।
বৃহস্পতিবার (০২ জুলাই) রাত ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আর্জেন্টিনা দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও দলের প্রতি আবেগ থেকেই নিজের সমর্থন বদলের সিদ্ধান্ত নেন সজিব। এ সময় আর্জেন্টিনার দুই সমর্থক তার পাশে উপস্থিত ছিলেন এবং তাকে শপথ বাক্য পাঠ করান।
দুধ দিয়ে গোসলের পর আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরেন তিনি। পরে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরা তাকে অভিনন্দন জানান এবং নতুন সমর্থক হিসেবে স্বাগত জানান।
এ বিষয়ে সজিব আহম্মেদ বলেন, “অনেক চিন্তা-ভাবনা করে আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক হিসেবে নতুন যাত্রা শুরু করলাম। ২০২২ সালে তারা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় আমার এই সিদ্ধান্ত আরও দৃঢ় হয়েছে।”
তার এই সিদ্ধান্ত ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। কেউ বিষয়টিকে মজার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে বছরের সবচেয়ে আলোচিত ‘ফুটবল ট্রান্সফার’ বলেও মন্তব্য করছেন।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য