রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। ফলে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধের জেরে এ কর্মবিরতি শুরু হয়।
সকাল থেকে নগরীর শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনাল ও নওদাপাড়া বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। যদিও অধিকাংশ টিকিট কাউন্টার খোলা ছিল, তবে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের কাউন্টার থেকে ফিরে যেতে দেখা যায়। কর্মবিরতি কখন শেষ হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
জানা গেছে, সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজন এবং নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রশাসন, বাস মালিক সমিতি এবং শ্রমিক নেতারা অংশ নেন।
বৈঠকে পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। আলোচনায় জেলা প্রশাসনের প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, রাজশাহী মহানগর পুলিশের প্রতিনিধি এবং শ্রমিক ফেডারেশনের একজন প্রতিনিধিকে রাখার বিষয়ে মত হয়। তবে কমিটিতে বাস মালিক সমিতির একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠতেই মতবিরোধ দেখা দেয়।
এ সময় জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু ওই প্রস্তাবের বিরোধিতা করেন। পরে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়ে যায়।
বৈঠক ভেস্তে যাওয়ার পর শ্রমিকদের একটি অংশ শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনালে ফিরে জরুরি বৈঠক করে। সেখানে তারা দাবি জানান, সম্পূর্ণ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
তবে দূরপাল্লার বাসগুলো যাতে নিজ নিজ গন্তব্য থেকে রাজশাহীতে ফিরতে পারে এবং অন্য জেলার বাসগুলো রাজশাহী ত্যাগ করতে পারে, সে জন্য মঙ্গলবার সকাল পর্যন্ত সময় দেওয়া হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার পর থেকে নতুন করে কোনো বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী থেকে বিভিন্ন জেলায় যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। অনেকেই ভোরে টার্মিনালে এসে বাস না পেয়ে বিকল্প যানবাহনের খোঁজ করতে বাধ্য হন। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ সবচেয়ে বেশি দেখা গেছে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকলেও টিকিট কাউন্টারগুলোর বেশিরভাগই খোলা ছিল। তবে কাউন্টার কর্তৃপক্ষ যাত্রীদের জানিয়ে দেন, শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার না হওয়া পর্যন্ত বাস ছাড়বে না।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম বলেন, নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসন, মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের মধ্যে আলোচনা হলেও কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এর পরিপ্রেক্ষিতেই শ্রমিকরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।”
ভিওডি বাংলা/জা








মন্তব্য