• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিক্ষা ও চিকিৎসাকে ব্যবসার ঊর্ধ্বে আনতে হবে: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৬, ০১:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, শিক্ষা ও চিকিৎসাকে ব্যবসার ঊর্ধ্বে এনে সামাজিক ও নৈতিক দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সমাজের অবক্ষয় রোধে মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসনের কোনো বিকল্প নেই।

শনিবার (১১ জুলাই) রাজধানীর নয়াপল্টনের আনন্দ ভবনে স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের একাডেমিক পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, আগে শিক্ষা আর চিকিৎসা ছিল মানুষের প্রয়োজনের জন্য। এখন এটা পুরোপুরি ব্যবসা হয়ে গেছে। ব্যবসা হয়ে যাওয়ার কারণে অনেক কিছুর অভাব তৈরি হয়েছে। এটাই আজকের বাস্তবতা।

তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত ভালো মানুষ গড়ে তোলা। কেউ পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বা বড় চিকিৎসক হলেন—এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো তিনি সৎ, নৈতিক ও মানবিক মানুষ হতে পারলেন কি না।

আবদুস সালাম বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্বল্প বেতনে পরিবার চালাতে কষ্ট করলেও শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে কখনো দায়িত্বে অবহেলা করেননি। একজন শিক্ষার্থীকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে তাঁরা সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। কিন্তু বর্তমানে সে ধরনের নিবেদিতপ্রাণ শিক্ষকের সংখ্যা কমে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান সামাজিক অবক্ষয় দূর করতে শিক্ষাব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষার মান উন্নয়ন এবং নৈতিক শিক্ষার প্রসারের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। এতে মানুষ ইহকাল ও পরকাল—উভয় জীবনেই কল্যাণ লাভ করতে পারবে।

ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, একসময় পরিবার থেকেই শিশুদের কায়দা, পবিত্র কোরআন ও নামাজের শিক্ষা দেওয়া হতো। ধর্মীয় অনুশাসন ছিল পারিবারিক শিক্ষার প্রধান ভিত্তি। কিন্তু সেই চর্চা কমে যাওয়ায় সমাজে নৈতিক অবক্ষয় বেড়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে বিদেশি ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক পরিবেশে সফল হতে একাধিক ভাষায় দক্ষতা অর্জনের প্রয়োজন রয়েছে।

শিক্ষা ও চিকিৎসা খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আবদুস সালাম বলেন, একসময় এ দুটি ক্ষেত্র ছিল মানুষের কল্যাণে পরিচালিত মানবিক সেবা। কিন্তু এখন অনেকাংশেই তা ব্যবসায় পরিণত হয়েছে, ফলে সমাজে মানবিকতার সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, ভালো মানুষ গড়ে উঠলেই সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে এবং সেই সমাজই দেশকে এগিয়ে নিয়ে যাবে।

ভিওডি বাংলা/খতিব/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজধানীকেন্দ্রিক চিকিৎসা নির্ভরতা কমাতে প্রধানমন্ত্রীর আহ্বান
ছবি: ভিওডি বাংলা
সেলফি উৎসবে সামিল হলেন প্রধানমন্ত্রী নিজেও
ঢাকা মেডিক্যাল কলেজের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ও ডা. জুবাইদা রহমান। ছবি- সংগৃহীত
ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী