• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভেজালবিরোধী অভিযানে গতি আনতে উচ্চপর্যায়ের কমিটি গঠন

ভিওডি বাংলা ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৭:৫৮ পি.এম.
ছবি: পিএমও
ছবি: পিএমও

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী সংস্থাগুলোর কার্যক্রম আরও কার্যকর করতে উচ্চপর্যায়ের তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি করপোরেশনসহ ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বিভিন্ন সংস্থার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গঠিত এই কমিটির সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। কমিটিকে এক মাসের মধ্যে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সমাধানসহ সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এর মধ্যে জেলায় পর্যাপ্ত জনবল সংকট, আধুনিক পরীক্ষাগার ঘাটতি, মাঠপর্যায়ের কার্যক্রমের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব এবং প্রভাবশালী মহল ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনায় নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়গুলো উল্লেখ করা হয়। একই সঙ্গে মোবাইল কোর্টের ক্ষমতা বৃদ্ধির দাবিও জানানো হয়।

প্রধানমন্ত্রী কর্মকর্তাদের এসব সমস্যা গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, "সমস্যা থাকবেই। তারপরও সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বসে থাকলে চলবে না। পৃথিবীর অনেক দেশ একসময় আমাদের চেয়েও অনুন্নত ছিল, অথচ আজ তারা অনেক দূর এগিয়ে গেছে। আমাদেরও এগিয়ে যেতে হবে। সবাই একসঙ্গে আন্তরিকভাবে কাজ করলে সেটি অবশ্যই সম্ভব। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।"

জনসচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী গুলশান লেকের উদাহরণ দেন। তিনি বলেন, "আমাদের অনেক লেকই আবর্জনায় ভরে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এসব আবর্জনা সমাজের শিক্ষিত মানুষরাই ফেলছেন। যাদের সচেতন হওয়ার কথা, অনেক সময় তারাই সচেতন হন না। দেশকে পরিবর্তন করতে হলে শুধু সরকারের উদ্যোগ নয়, নাগরিকদেরও সদিচ্ছা ও দায়িত্বশীলতা প্রয়োজন। সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।"

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রস্তুতিতে ইসি
ছবি: সংগৃহীত
জ্বালানিমন্ত্রী বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা দেনা রেখে গেছে হাসিনা সরকার
ফাইল ছবি
বেতনের ১০ শতাংশ গরিবদের জন্য সরকারি কোষাগারে দেন প্রধানমন্ত্রী