ঢাকা থেকে মনিটরিং হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে সারাদেশের সব পরীক্ষা কেন্দ্রকে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী ঢাকা থেকে দেশের যেকোনো প্রান্তের পরীক্ষা কেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করা যাবে।
বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পাশাপাশি মন্ত্রণালয়ে বিশেষ মনিটরিং সেলও চালু থাকবে।
মন্ত্রী জানান, এ বছর মোট ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে নজরদারি ব্যবস্থা স্থাপন করা হবে। কেন্দ্রগুলোতে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের জন্য বডি-ওর্ন ক্যামেরার ব্যবস্থাও রাখা হয়েছে। এতে কেন্দ্রের ভেতরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৭৭টি বিষয়ে ২১ দিনের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর সাধারণ, মাদরাসা ও কারিগরি-এই তিন ধারার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী রয়েছে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে অংশ নেবে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন।
পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রশ্নফাঁস, নকল ও কেন্দ্রভিত্তিক অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য