মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার (২৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানিয়েছেন।
এডিসি নিয়াজ মেহেদী জানান, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান। সন্দেহ হওয়ায় ছাতাটি পরীক্ষা করে এর ভেতরে আইইডি সদৃশ একটি বস্তু দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে পুরো এলাকা কর্ডন করে বিষয়টি বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পরে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে আইইডি সদৃশ বস্তুটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় কোনো ধরনের হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। বস্তুটির প্রকৃত উৎস এবং ঘটনার কারণ উদঘাটনে সংশ্লিষ্ট ইউনিট তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
ভিওডি বাংলা/এফএ









মন্তব্য