ফরিদপুরে ২৬ লাখ টাকার মাদকসহ কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে ২৬ লাখ ৪০ হাজার টাকার মাদকসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
শুক্রবার (২৬ জুন) রাত ২টা ২০ মিনিটের দিকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৮৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রানা গাজী সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের রহিম গাজীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রানা গাজী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এস্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব-১০ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত মাদক ও তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য