• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড

আদালত প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ০৬:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে সদ্য কার্যকর হওয়া জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর আওতায় দায়ের হওয়া প্রথম মামলায় গ্রেপ্তার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অনলাইন জুয়ার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রোববার ঢাকার মহানগর হাকিম জামসেদ আলম শুনানি শেষে মো. আমিনুর ইসলাম (৩৭) ও মো. সাকিব হোসেনের (২৮) রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন দুই আসামিকে আদালতে হাজির করে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য উদ্ঘাটনের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী রাকিবুল ইসলাম রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন জানান।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করে আমিনুর ইসলামের তিন দিনের এবং সাকিব হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইটের অর্থ লেনদেনের মাধ্যম পরিচালনার অভিযোগে গত ১২ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করেন পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক আমির হামজা।

এর আগে ১১ জুলাই রাজধানীর দোলাইরপাড় এলাকা থেকে আমিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুলশান এলাকা থেকে সাকিব হোসেনকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, দেশে অনলাইন ও অফলাইন জুয়া, বাজি এবং ম্যাচ ফিক্সিংসহ সংশ্লিষ্ট অপরাধ দমনের লক্ষ্যে গত ৩০ জুন জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ পাস হয়।

১৮৬৭ সালের ঔপনিবেশিক আমলের পুরোনো আইন বাতিল করে প্রণীত নতুন এই আইনে জুয়া, জুয়ার আসর, জুয়ার সরঞ্জাম, ডিজিটাল সম্পদ, ডিজিটাল জুয়া, প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, টোটালাইজেটর, অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি, বাজিকর এবং ম্যাচ ফিক্সিংসহ মোট ২৪টি বিষয়ের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী ১৪ ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে।

আইন অনুযায়ী, অপরাধের মাত্রা বিবেচনায় সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
অর্থ পাচার: কাস্টমসের ১১ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ
ছবি: ভিওডি বাংলা
রাজধানীতে উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার দুইজন কারাগারে
ছবি: সংগৃহীত
কোরআনের তাফসির গ্রন্থ পোড়ানোর মামলায় মেহেদী কারাগারে