বিশ্বকাপ শেষে পোকার টুর্নামেন্টে নেইমার

বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর মাঠের বাইরে সময় কাটাচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। নতুন মৌসুমের প্রস্তুতিতে ফেরার আগে তাকে এবার দেখা গেল যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক পোকার প্রতিযোগিতায়।
ব্রাজিল জাতীয় দল ও সান্তোসের এই ফরোয়ার্ড বিশ্বখ্যাত ওয়ার্ল্ড সিরিজ অব পোকার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আয়োজকদের প্রকাশ করা সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, টুর্নামেন্টের একটি টেবিলে বসে খেলায় অংশ নিচ্ছেন নেইমার।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রবেশ ফি ছিল প্রায় ৫১ হাজার ব্রাজিলিয়ান রিয়াল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আয়োজকরা লিখেছেন, ‘ওয়ার্ল্ড সিরিজ অব পোকার- ২০২৬ এ স্বাগতম নেইমার জুনিয়রকে। ব্রাজিল বিশ্বকাপ থেকে প্রায় এক সপ্তাহ আগে বিদায় নেওয়ার পর ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার ১০ হাজার ডলারের সিক্স-ম্যাক্স টুর্নামেন্টে অংশ নিয়েছেন।’
এ বছরের বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ব্রাজিল বিদায় নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নেইমার। অবসর কাটানোর অংশ হিসেবেই তিনি লাস ভেগাসে সময় উপভোগ করছেন।
এরই মধ্যে সান্তোসে তার ফেরার খবরও প্রকাশিত হয়েছে, যা ভক্তদের মধ্যে তাকে আবার মাঠে দেখার আশাবাদ বাড়িয়েছে। আগামী শুক্রবার, ১৭ জুলাই, অনুশীলনে ফেরার কথা রয়েছে এই ব্রাজিলিয়ান তারকার।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য