বিদেশি মুসলিমদের মক্কা-মদিনায় সম্পত্তি কেনার সুযোগ

মক্কা ও মদিনায় বিদেশি মুসলিমদের জন্য সম্পত্তি মালিকানার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির মন্ত্রিসভায় এ-সংক্রান্ত একটি সিদ্ধান্ত অনুমোদনের পর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
নতুন ব্যবস্থার আওতায় সৌদি আরবে বসবাসরত প্রবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম নাগরিকরা নির্ধারিত এলাকায় ফ্ল্যাট বা জমির স্থায়ী মালিকানা অর্জনের জন্য আবেদন করতে পারবেন। তবে অমুসলিমদের জন্য মক্কা ও মদিনায় প্রবেশ এবং সম্পত্তি কেনার ওপর আগের নিষেধাজ্ঞা বহাল থাকবে।
জানা গেছে, রিয়েল এস্টেট জেনারেল অথরিটি (আরইজিএ) নির্ধারিত বিশেষ জোনে এই সুযোগ কার্যকর হবে। মক্কার জোনগুলোর মধ্যে রয়েছে জাবাল ওমর, আবরাজ মক্কা, আল-মানার, বুর্জ আজইয়াদ, কিং সালমান গেট, তিলাল ভিলেজ, জাখির মক্কা, দাহিয়াত সুমু, মাসার এবং মক্কা জোন–১ ও ২। মদিনায় রয়েছে রুয়া আল-মদিনা, ডাউনটাউন মদিনা, দিয়ার আল-মাকার, আল-গুররা, আল-মাহওয়া, দারাত আল-হিজরা এবং মদিনা জোন–১ ও ২।
বিদেশি ক্রেতাদের জন্য বিশেষ সুবিধাও রাখা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ করে সম্পূর্ণ নগদ অর্থে নির্দিষ্ট মূল্যের আবাসিক সম্পত্তি কিনলে তারা সৌদির ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ কর্মসূচির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।
আগ্রহীদের ‘সৌদি প্রপার্টিজ’ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা ইকামা নম্বর ব্যবহার করে আবেদন করতে পারবেন। আর সৌদির বাইরে থাকা আবেদনকারীদের অনলাইনে আবেদন করার আগে নিজ নিজ দেশে অবস্থিত সৌদি দূতাবাস বা কনস্যুলেট থেকে ডিজিটাল পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মপরিকল্পনার অংশ হিসেবে রিয়েল এস্টেট খাতকে আরও সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ওমরাহ ও ধর্মীয় পর্যটন খাতের বিকাশেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য