নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। যেসব নাগরিক বয়সের শর্ত পূরণ করেছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।
নির্বাচন কমিশনের এক নির্দেশনা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী এবং ভোটার হওয়ার অন্যান্য যোগ্যতা পূরণকারী ব্যক্তিরা ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হবে।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, নতুন ভোটারদের নিয়ে প্রস্তুত করা খসড়া ভোটার তালিকা ৯ আগস্ট প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জনসাধারণের দেখার জন্য প্রদর্শন করা হবে।
খসড়া তালিকায় কারও নাম বাদ পড়লে অথবা ব্যক্তিগত তথ্যের কোনো ভুল থাকলে ২৪ আগস্টের মধ্যে সংশোধন বা নতুনভাবে অন্তর্ভুক্তির আবেদন করা যাবে। সব আপত্তি ও সংশোধন নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ভোটার তালিকার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র নির্ধারণের কাজও এগিয়ে নিচ্ছে ইসি। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রয়োজনীয় আপত্তি ও পর্যালোচনা শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের কথা রয়েছে।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, কমিশনের লক্ষ্য আগামী অক্টোবরে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করা। এ জন্য আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য