এমন ম্যাচ বিশ্বাস করা কঠিন

দুই গোলে পিছিয়ে থেকেও বিশ্বচ্যাম্পিয়নের মতোই ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয়ের পর ফুটবল বিশ্বের প্রশংসায় ভাসছে লিওনেল মেসির দল। নাটকীয় এই ম্যাচকে ইতোমধ্যেই চলতি বিশ্বকাপের অন্যতম সেরা লড়াই হিসেবে অভিহিত করছেন বিশ্লেষকরা।
ম্যাচের শুরুতে দুর্দান্ত ফুটবল খেলেছিল মিশর। ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে তারা আর্জেন্টিনাকে বিদায়ের দ্বারপ্রান্তে ঠেলে দেয়। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং লিওনেল মেসির নেতৃত্ব ম্যাচের চিত্র বদলে দেয়।
প্রথমে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান। এরপর অধিনায়ক লিওনেল মেসি সমতাসূচক গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের শক্তিশালী হেডে আসে জয়সূচক গোল। ২-০ থেকে ৩-২—অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে সাবেক স্কটল্যান্ড স্ট্রাইকার অ্যালি ম্যাককয়েস্ট বলেন, "আমি যা দেখলাম, তা বিশ্বাসই করতে পারছি না। মিশরের ছেলেদের জন্য সত্যিই খারাপ লাগছে। তবে বিশ্বচ্যাম্পিয়নরা কেন বিশ্বচ্যাম্পিয়ন, সেটিই তারা আবার দেখিয়েছে। এটি ছিল অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। মেসি এবং তার দল এখনও লড়াইয়ে আছে। কী দুর্দান্ত একটি ম্যাচ!"
মিশর সাহসী ফুটবল খেলেও শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়ে। অন্যদিকে আর্জেন্টিনা আবারও প্রমাণ করল, শেষ বাঁশি বাজার আগে তাদের হারিয়ে দেওয়া কতটা কঠিন। মেসির নেতৃত্বে গড়ে ওঠা এই নাটকীয় প্রত্যাবর্তন দীর্ঘদিন বিশ্বকাপের স্মরণীয় ম্যাচগুলোর একটি হয়ে থাকবে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য