• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি    ১২ জুলাই ২০২৬, ০৯:৫০ এ.এম.
নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে ফেরিতে উঠছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত
নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে ফেরিতে উঠছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে চলাচলকারী একটি ফেরিকে মাঝপথ থেকে ঘুরিয়ে পুনরায় ঘাটে ফিরিয়ে আনার ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে বহনের জন্যই ফেরিটিকে নির্ধারিত রুট থেকে ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় বৈরী আবহাওয়ার মধ্যে যাত্রীদের নিরাপত্তা এবং সময় নষ্টের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে এ ঘটনা ঘটে। পরে ফেরির দায়িত্বশীল কর্মকর্তারাও ফেরি ঘুরিয়ে আনার বিষয়টি স্বীকার করেছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে 'মহানন্দা' নামের ফেরিটি চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রী ও বিভিন্ন মালবাহী যানবাহন নিয়ে যাত্রা শুরু করে। প্রায় ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরিটির গতিপথ পরিবর্তন করা হয় এবং সেটি আবার চেয়ারম্যান ঘাটের দিকে ফিরে আসে।

ঘাটে ফিরে আসার পর সেখানে অপেক্ষমাণ সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ তার সফরসঙ্গী ও নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন। এরপর ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ফেরিতে থাকা একাধিক যাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, মাঝনদীতে পৌঁছানোর পর ফেরি হঠাৎ ঘুরে যাওয়ায় তারা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে ঘাটে ফিরে এমপিকে ফেরিতে উঠতে দেখে তারা ঘটনার কারণ জানতে পারেন।

যাত্রীদের অভিযোগ, একজন ভিআইপির সুবিধার জন্য শতাধিক সাধারণ যাত্রীকে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে আনা নিরাপত্তার দিক থেকেও ঝুঁকিপূর্ণ বলে তারা মনে করেন।

তাদের ভাষ্য, ফেরিটি নির্ধারিত পথে চলতে থাকলে ওই সময়ের মধ্যেই নলচিরা ঘাটের কাছাকাছি পৌঁছে যেত। পরিবর্তে মাঝপথ থেকে ফিরে আসায় যাত্রা দীর্ঘ হয় এবং যাত্রীদের ভোগান্তি বাড়ে।

ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, শুরুতে ফেরির মাস্টার তাকে জানিয়েছিলেন যে ফেরিটি নির্ধারিত সময়ে ছাড়বে না। পরে আবার জানানো হয়, সময়মতোই যাত্রা শুরু করবে।

তার দাবি, ফেরি ছাড়ার প্রায় ২৩ মিনিট পর সেটি আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে এবং পরে জানা যায়, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে বহনের জন্যই ফেরিটি ফিরিয়ে আনা হয়েছে।

ফেরি মহানন্দার মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যান ঘাট ছাড়ার কিছুক্ষণ পর সংসদ সদস্যের জন্য ফেরিটি আবার ঘাটে ফিরে আসে। তিনি জানান, ভিআইপি যাত্রীদের ক্ষেত্রে কিছু প্রশাসনিক নিয়ম ও নির্দেশনা অনুসরণ করতে হয়।

অন্যদিকে ফেরির মাস্টার নুরুল আমীন বলেন, ফেরি ছেড়ে যাওয়ার পর মেরিন ইঞ্জিনিয়ারের কাছ থেকে তিনি নির্দেশনা পান যে ঘাটে সংসদ সদস্য এসেছেন এবং তাকে নিতে ফেরি ফিরিয়ে আনতে হবে। সেই নির্দেশনা অনুসরণ করেই ফেরিটি চেয়ারম্যান ঘাটে ফিরে আসে। এমপিকে নিয়ে পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়।

ঘটনার বিষয়ে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত চট্টগ্রাম, ৬ দিনে ৪৩ প্রাণহানি
ছবি: সংগৃহীত
প্রায় ৫ দশক পর বাস্তবায়নের পথে শহীদ জিয়ার উদ্যোগ
ছবি: ভিওডি বাংলা
পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী