শাওন-মাহি-শান্তার বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ

অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জুলাই আন্দোলনকে কটাক্ষ, সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য এবং অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
শনিবার (৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, “একটি জিডি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
জানা গেছে, শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের তিন প্রতিনিধি এ অভিযোগ দায়ের করেন। তারা হলেন-সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে অবমাননা ও কটাক্ষ করে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করেছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযোগটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। সেখানে অভিযোগে উল্লেখিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বক্তব্য ও সংশ্লিষ্ট লিংক যাচাই-বাছাই করা হবে।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/জা








মন্তব্য