• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভূমিকম্পের তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত দুই বালক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ জুন ২০২৬, ০১:০২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের তিন দিন (প্রায় ৮৫ ঘণ্টা) পর ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ বছর বয়সী দুই বালককে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর তাদের জীবিত উদ্ধার হওয়ায় স্বজনদের পাশাপাশি উদ্ধারকর্মীদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে।

সোমবার (২৯ জুন) প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রথমে উদ্ধার করা হয় মোইসেস নামের এক বালককে। প্রায় ছয় ঘণ্টার ঝুঁকিপূর্ণ অভিযানের পর উদ্ধারকারীরা তাকে কংক্রিটের স্তূপের নিচ থেকে বের করে আনেন। উদ্ধারকাজের ভিডিওতে দেখা যায়, সূর্যের তীব্র আলো থেকে চোখ রক্ষা করতে কাপড় দিয়ে ঢেকে তাকে ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে। এ সময় উপস্থিত উদ্ধারকর্মীরা হাততালির মাধ্যমে অভিযানের সাফল্য উদ্‌যাপন করেন। তবে মোইসেসের পাশ থেকেই তার মা ও বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা পর অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ রাজধানী কারাকাসের পশ্চিমের উপকূলীয় শহর কারাবালেদা থেকে আরও এক ১১ বছর বয়সী বালককে জীবিত উদ্ধারের খবর জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের ভেতর থেকে স্ট্রেচারে করে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আন্তর্জাতিকসংবাদ

গত বুধবার স্থানীয় সময় বিকেলে রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত ১২৬ বছরের মধ্যে এটিই দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকারি হিসাবে, এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। এছাড়া বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। জাতিসংঘের হিসাবে প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ, যদিও বিরোধী পক্ষের দাবি এ সংখ্যা ৫৫ হাজারেরও বেশি।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ভূমিকম্পের ৮৫ ঘণ্টারও বেশি সময় পার হলেও জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ধ্বংসস্তূপের নিচে পানি বা খাবারের সামান্য উৎস থাকলে অনেকেই আরও কিছুদিন বেঁচে থাকতে পারেন বলে তাদের ধারণা। এ কারণে আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষিত উদ্ধারকর্মী, অনুসন্ধানী কুকুর ও ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকা। সেখানে পরাঘাত অব্যাহত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অনেক মানুষ নিরাপত্তার অভাবে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গা, গাড়ি, বিমানবন্দর ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। আন্তর্জাতিক সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও জোরদার করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া গেলে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ভিওডি বাংলা/আরআর/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইউরোপের তাপপ্রবাহে প্রাণ গেল ১৩‘শ জনের বেশি
অলৌকিকভাবে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯ মাসের শিশু
অলৌকিকভাবে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯ মাসের শিশু
ছবি: সংগৃহীত
ইসরায়েল থেকে গোপনে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার