• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বছরজুড়ে নিত্যপণ্যের দামে নৈরাজ্য

   ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগেও বছরজুড়েই বেসামাল ছিল নিত্যপণ্যের দাম। এতে রীতিমতো ভোগান্তি পোহাতে হয়েছে সব শ্রেণি-পেশার ক্রেতাদের। বিশেষজ্ঞদের ভাষ্য, দাম নিয়ন্ত্রণে আগের সরকারের ভুল নীতি আর বাজার ব্যবস্থাপনা ও সিন্ডিকেট দমনে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বলি হয়েছেন সাধারণ মানুষ।

বছরের শুরুতে চড়া মূল্য দিয়ে চাল কিনতে হয়েছে সাধারণ মানুষকে। এরমধ্যে সবচেয়ে বেশি ভুগিয়েছে আলু, পেঁয়াজ, ব্রয়লার মুরগি ও সবজির দাম। এরপর ভোগান্তির মাত্রা বহুগুণে বাড়িয়েছে ভোজ্যতেলের কারসাজি। সবমিলিয়ে বছরজুড়েই দুই অঙ্কের ঘরে ছিল সার্বিক মূল্যস্ফীতি। বিবিএসের হিসাব অনুযায়ী, জুলাইয়ে রেকর্ড ১৪ শতাংশেরও বেশি ছিল খাদ্যের সূচক।

অন্যদিকে সাধারণ ক্রেতাদের আয় না বাড়লেও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম। ডিমের সঙ্গে ডাল-ভাতও যেন এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষদের।

 

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন হাসানুজ্জামান। কয়েক বছর আগে হাজার টাকায় পুরো সপ্তাহের জন্য ব্যাগভর্তি বাজার কিনতেন। তবে বর্তমানে একই পরিমাণ বাজার কিনতে প্রায় দ্বিগুণ টাকা গুণতে হয়। ফলে ব্যাগের ওজন কমলেও সীমিত আয়ে ভারী হয়ে গেছে হাসানুজ্জামানের সংসারের হিসাব।

হাসানুজ্জামান বলেন, যে বেতন পাই, তা দিয়ে সংসার চলে না। নিত্যপণ্যের যে দাম তাতে কিছু বলাও যায় না, আবার সহ্যও করা যায় না।

গত আগস্টে দেশে বড় রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থাপনার আশার উদয় হয়। অন্তর্বর্তী সরকারের শক্ত পদক্ষেপে কথা শোনা গেলেও দিনশেষে গতানুগতিক ধারায় ছিল নানা কার্যক্রম। চাঁদাবাজ-সিন্ডিকেট দমন ও সরবরাহ ব্যবস্থায় দুর্বলতা নতুন সরকারকে ভুগিয়েছে, এমনটাই মত গবেষণা প্রতিষ্ঠান র‍্যাপিডের গবেষণা পরিচালক দীন ইসলাম। তার ভাষ্য, বিগত সরকারের যেসব নীতি ছিল তার কারণে মূল্যস্ফীতি অনেক বেশি ছিল।

দীন ইসলাম বলেন, বিপণন ব্যবস্থাকে যদি আরও উন্নত করা যায়, কৃষকদের যদি লাভবান করা যায় তাহলে কিন্তু আমাদের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাবে। তাহলে হয়তো লাফিয়ে লাফিয়ে মূল্যস্ফীতি বাড়ার পরিস্থিতি আমাদের দেখতে হবে না।

অন্যদিকে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার ছিল মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা। তবে চাঁদাবাজ-সিন্ডিকেট দমন ও সরবরাহ ব্যবস্থায় দুর্বলতার কারণে সেই লাগাম টানতে তারা ব্যর্থ হয়েছে।

তার ভাষ্য, বাজার ব্যবস্থাপনার মূল সংকটে হাত দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। অল্পকিছু ব্যবসায়ীর হাতে বাজার নির্ভরতার যে দৌরাত্ম্য, সেটি থেকে বেরিয়ে আসতে যেসব উদ্যোগ নেয়া দরকার সরকার সেটি করছে না। বরং তারা প্রচলিত যেসব উদ্যোগ আমলারা নিয়ে থাকেন, সেগুলোতেই কাজ করছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ দিনে দেশে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার
১০ দিনে দেশে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার
সরকার বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সরকার বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না
বিডা চেয়ারম্যান জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না