নিলামে আরও ২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আবারও নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ধাপে কেন্দ্রীয় ব্যাংক ২০ মিলিয়ন বা ২ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, একটি বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক ২ কোটি মার্কিন ডলার কিনেছে। এ নিলামে কাট-অফ মূল্য নির্ধারণ করা হয় প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা।
চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ১৪ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে বলে জানান তিনি। এর আগে ২০২৫-২৬ অর্থবছরেও একাধিক দফায় নিলামের মাধ্যমে ডলার সংগ্রহ করে কেন্দ্রীয় ব্যাংক।
সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৫৮১ কোটি ৮৫ লাখ ডলার বা ৫.৮১ বিলিয়ন ডলার কিনেছে।
ভিওডি বাংলা/এমএস







