• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাস চালকের দায় স্বীকার, পরিবহন মালিক কারাগারে

   ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় ৬ প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসের চালক মো. নুরুদ্দিন ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বক্তব্য রেকর্ডের পর তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে বেপারী পরিবহনের মালিক ডাব্লিউ বেপারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জের হাসড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালত বাস চালক নুরুদ্দিনের দায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা যায়- জবানবন্দিতে বাস চালক দাবি করেন, ‘গাড়ির ব্রেক ফেইল করায় গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়’।

প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয় বেপারী পরিবহনের একটি বাস। এতে প্রাইভেটকারে থাকা একই পরিবারের চার জনসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তার বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তার ছেলে মো. আবদুল্লাহ (৭)। আহত হয়েছেন আরো বেশ কয়েক জন।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
ট্রাইব্যুনালে অভিযোগ ২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না