আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত রুবেল আহমদের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি প্রবাসী রুবেল আহমদ (৩৫) ১০ দিন আইসিইউতে থাকার পর মারা গেছেন।
সিলেটের মোগলাবাজার উপজেলার কলদিয়ার চর এলাকার মনফর আলীর ছেলে রুবেল পাঁচ বছর ধরে আবুধাবিতে ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ করছিলেন। দেশে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে ১৯ নভেম্বর রাত সাড়ে বারোটার দিকে, মুরুর রোডের আল বাতিন পুরনো বিমানবন্দর এলাকায়। ফুড ডেলিভারি দিতে যাওয়ার সময় একটি পাকিস্তানি চালিত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে রুবেলের মোটরবাইক ও আরেক মিশরীয় রাইডারের মোটরবাইককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মিশরীয় রাইডার মারা যান। গুরুতর আহত রুবেলকে মাফরাক বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ ট্রাকচালককে আটক করেছে এবং ট্রাকটি জব্দ করেছে। বর্তমানে রুবেলের লাশ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। আমিরাতের জাতীয় দিবসের ছুটি শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে লাশ দেশে পাঠানো হবে বলে তাঁর কর্মস্থল ‘ক্লিক ডেলিভারি সার্ভিস’ জানিয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য