তারেক রহমান
শুধু ভোট দিয়ে নয়, হিসাব বুঝে ঘরে ফিরবেন

নানাবাড়ির আত্বীয় হিসেবে বৃহত্তর নোয়াখালীর সব কয়টি আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। রোববার বিকালে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এরকম অনুরোধ জানান।
তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? বহু বছর পরে ফেনীতে এসেছি। আজকে সকালে আমার প্রথম মিটিংটা ছিল চট্টগ্রামে… চট্টগ্রামের সাথে আমার একটা আবেগ সম্পর্ক রয়েছে। আর ফেনীর সাথে রয়েছে আমার একটা আত্মীয়তার সম্পর্ক তথা গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক। আমার নানার বাড়ি এখানে।’
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে খালেদা জিয়ার রেখে যাওয়া কাজ এবং জিয়াউর রহমানের কর্মসূচি চালু করতে পারবো যাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বিগত দিনে কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু ৯৮ শতাংশ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেককিছু বলতে পারতাম কিন্তু বললে দেশের মানুষ অর্থাৎ জনগণের কোনো লাভ হবে কী? জনগণের লাভ হবে না। জনগণের লাভ হবে খাল খনন, স্বাস্থ্যসেবা, তরুণ ভাই-বোনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলেই জনগণের লাভ। তাই বিএনপির যে সকল পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে আপনাদেরকে বিএনপিকে সমর্থন দিতে হবে। বিএনপির ধানের শীষ নির্বাচিত হলেও পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। দুর্নীতির লাগাম টানতে হলে ধানের শীষের বিজয় করতে হবে। তাই শুধুমাত্র ভোট দিয়ে ঘরে ফিরলে হবে না বরং হিসেব বুঝে নিয়ে ঘরে ফিরবেন।
লক্ষীপুর, নোয়াখালী ও ফেনী এই তিন জেলা সম্পর্কে বলতে গিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, আপনাদের যেমন বিএনপির ওপর হক আছে তেমনি বিএনপিরও এই তিন জেলার আপনাদের কাছে হক আছে। সেটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকার সন্তান। ফলে বিএনপির বিজয় মানে খালেদা জিয়াকে আরো সম্মান দেওয়া। ধানের শীষের বিজয় মানেই হলো খালেদা জিয়াকে আকাশ সমান সম্মান দেওয়া।
উপস্থিত হাজার হাজার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনাদের যেমন দাবি আছে বিএনপির কাছে। ঠিক একইভাবে বিএনপিরও কিন্তু দাবি আছে আপনাদের কাছে। ঠিক বলেছি কিনা? ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষের যেমন বিএনপির কাছে দাবি আছে। ঠিক বিএনপির একটা দাবি আছে আপনাদের কাছে? কি কি সেই দাবি? ধানের শীষকে জয়যুক্ত করা।
ফেনীতে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা ও ইপিজেড স্থাপনের ব্যাপারে নোয়াখালী বাসীর দাবির প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘রফিকুল আলম মজনু একটু আগে বলল যে, ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার। ইনশাআল্লাহ আমরা মেডিকেল কলেজ করবো। কিন্তু একই সাথে আমরা আপনাদের যাতে চিকিৎসা সুবিধা পান বিশেষ করে গ্রামের মানুষ বিশেষ করে মহিলা এবং নারীরা এবং শিশুরা যাতে করে চিকিৎসা সুবিধা পায় তার জন্য আমরা সারাদেশে গ্রামে গ্রামে হেলথকেয়ারার আমরা নিয়োগ দিতে চাই। এই হেলথকেয়ারারটা কি? এখানে অনেক মুরুব্বী উপস্থিত আছেন। আপনাদের মনে আছে শহীদ জিয়াউর রহমানের সময় পল্লী চিকিৎসক ছিল, পল্লী চিকিৎসক নাম শুনেছেন? এই পল্লী চিকিৎসকের মতন আমরা হেলথকেয়ারার দিতে চাই যাদের কাজ হবে ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছে স্বাস্থ্য সেবা যাতে পৌঁছে দিতে পারে, যাতে করে ছোটখাট অসুখ-বিসুখের চিকিৎসা এই হেলথকেয়ারাররা মা বোন এবং শিশুদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দিবে। আর তাদেরকে (মা-বোন-শিশু) কষ্ট করে হাসপাতালে আসতে হবে না যদি বড় কোনো অসুখ না হয়।’
চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ শেষ করে ফেনী পাইলট স্কুল মাঠে নির্বাচনী সমাবেশটি তারেক রহমান এসে পৌঁছান ৫টা ৫৫ মিনিটে। সেখানে এসে তিনি মাগরিবের নামাজ আদায় করে মঞ্চে উঠেন তিনি।
ফেনীর সমাবেশ পরে তারেক রহমান যাবেন কুমিল্লার চৌদ্দগ্রামে। এরপর কুমিল্লার সোয়াাগাজী, দাউদকান্দি এবং নারায়নগঞ্জের বালুর মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান। এটি রাজধানীর বাইরে তার দ্বিতীয় প্রচারাভিযান।
ফেনী জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে বিএনপির প্রার্থীদের মধ্যে মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, আবুল খায়ের ভুঁইয়া,জয়নুল আবদিন ফারুক, জয়নাল আবেদীন ভিপি জয়নাল, মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম আশরাফ উদ্দিন নিজান, রফিকুল আলম মজনু, মোহাম্মদ ফখরুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিম বক্তব্য রাখেন।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, রেহানা আখতার রানু, হারুনুর রশীদ হারুন, বেলাল আহমেদ, শাহাবুদ্দিন সাবু, শাহানা আখতার সানু, মেজবাহ উদ্দিন খান, আবদুল লতিফ জনি, তাবিথ আওয়াল,ম আবুল তালেব, মশিউর রহমান বিপ্লব, জালাল উদ্দিন মজুমদার, নাছির উদ্দিন নাছির, ইয়াসীন আলী প্রমূখ বক্তব্য রাখেন।
ভিওডি বাংলা/ এমএইচ







