• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২৪ ঘণ্টায়ও মেলেনি হালদায় নিখোঁজ সাব্বিরের সন্ধান

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাশহাট এলাকায় ওরশের কাওয়ালীতে সংঘর্ষের ঘটনায় হালদা নদীতে ঝাঁপ দিয়ে সাব্বির (২১) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও স্থানীয় মাজারের পীর পোয়া ফকিরের ওরশ উপলক্ষে রামদাশহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওরশকে কেন্দ্র করে উত্তর মাদার্শার বিভিন্ন এলাকায় পৃথকভাবে খতমে কোরআন, কাওয়ালীর আয়োজনের প্রচলন থাকলেও এবার কিছু যুবক প্রশাসনিক অনুমতি ছাড়া রামদাশহাট সংলগ্ন ভেড়িবাঁধে কাওয়ালীর আয়োজন করে।

জানা গেছে, কয়েকদিন আগে উত্তর মাদার্শা এলাকার কিছু কিশোর রাউজানের একটি ওরশে গেলে সেখানে তাদের মারধরের ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার রাত প্রায় ১২টার দিকে ভেড়িবাঁধের কাওয়ালী অনুষ্ঠানে রাউজানের উরকিরচর থেকে আসা কয়েকজন কিশোরের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলার মুখে দিকবিদিক ছুটতে গিয়ে কয়েকজন হালদা নদীতে ঝাঁপ দেয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ২-৩ জনকে উদ্ধার করতে পারলেও সাব্বির নদীতে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে বুধবার সকাল থেকে হাটহাজারী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় নৌ-পুলিশ নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি।
নিখোজ সাব্বির রাউজান উপজেলার উরকিরচর মইশকরম এলাকার আব্দুল মান্নান ও মনোয়ারা বেগমের একমাত্র ছেলে সাব্বির (২১)।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, প্রতি বছর নির্ধারিত স্থানে শান্তিপূর্ণভাবে ওরশ অনুষ্ঠিত হলেও অনুমতি ছাড়া ভেড়িবাঁধে কাওয়ালীর আয়োজন এবং কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করায় এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ এম ওসমান গনি/ আ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে অবৈধ পার্কিংয়ের দায়ে ১৪ জনের কারাদণ্ড
তারুণ্যের উদ্যমে বদলে যাচ্ছে সাভারের কৃষিচিত্র
তারুণ্যের উদ্যমে বদলে যাচ্ছে সাভারের কৃষিচিত্র
ছবি: সংগৃহীত
মাতারবাড়ী প্রকল্পের চুরি হওয়া দেড় টন ক্যাবল উদ্ধার করল আনসার