৩ লাখ টাকা ছিনতাই, যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম

জামালপুরে জলমহাল দখলকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন ইউনিয়ন যুবদলের এক নেতা। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করার পাশাপাশি মাছ বিক্রির প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত আল-আমিন সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি ফুলারপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যও। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বুধবার (১ জুলাই) সকালে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ফুলারপাড়া জলমহাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফুলারপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে জেলা প্রশাসনের কাছ থেকে জলমহাল ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন আল-আমিন। অভিযোগ রয়েছে, জলমহালটি জোর করে দখলে নিতে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি হারুনের নেতৃত্বে একটি চক্র বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল।
ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার দিন সকালে হারুনের নেতৃত্বে রে-মানিক, ইমরান, জাবু মিয়া, মাসুদ, রাজু ও কাশেমসহ ৮ থেকে ১০ জনের একটি দল রামদা ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আল-আমিনের কাছে থাকা মাছ বিক্রির প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা।
ফুলারপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মানছুর ইসলাম বলেন, ‘সরকারের কাছ থেকে নিয়ম মেনে জলমহাল ইজারা নিয়ে সমিতির সদস্যরা মাছ চাষ করে আসছেন। কিন্তু এলাকার কিছু চিহ্নিত মাদকসেবী নিয়মিত নেশার টাকার জন্য চাঁদা দাবি করত। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তারা সমিতির সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। সেই ক্ষোভ থেকেই আল-আমিনের ওপর হামলা চালানো হয়েছে।’
তিনি আরও জানান, এ ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।’
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য