• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

না ফেরা দেশে চলে গেলেন রশ্মি লীলা

বিনোদন ডেস্ক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ এ.এম.
রশ্মি লীলা ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর ধরে জটিল রোগের সঙ্গে লড়াই করে অবশেষে না–ফেরার দেশে চলে গেলেন কন্নড় টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রশ্মি লীলা। ফুসফুসজনিত জটিলতায় ভুগে গত ১৬ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।

অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার স্বামী সারক্কি মঞ্জু। এক আবেগঘন বার্তায় তিনি জানান, শেষ সময় পর্যন্ত রশ্মি সাহসের সঙ্গে অসুস্থতার বিরুদ্ধে লড়াই করেছেন। পরিবার ও জীবনের প্রতি তার গভীর ভালোবাসা ছিল বলেও উল্লেখ করেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে রশ্মির শরীরে রিউমাটয়েড আর্থ্রাইটিস ধরা পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে এই রোগ জটিল আকার ধারণ করে এবং পরে তা পালমোনারি ফাইব্রোসিসে রূপ নেয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, পালমোনারি ফাইব্রোসিসে ফুসফুসের টিস্যু ধীরে ধীরে শক্ত হয়ে যায়, ফলে শরীরে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়। এর ফলে রোগীর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ে।

গত এক বছর ধরে শ্বাসকষ্টের কারণে কৃত্রিম অক্সিজেনের সহায়তায় জীবনযাপন করছিলেন এই অভিনেত্রী। তার চিকিৎসা ব্যয় দীর্ঘদিন ধরে বহন করতে গিয়ে পরিবার তীব্র আর্থিক সংকটে পড়ে। এ সময় কন্নড় চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

সংগৃহীত সহায়তায় প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে তার ফুসফুস প্রতিস্থাপন করা হয়। অস্ত্রোপচারের পর পরিবারে নতুন করে আশার সঞ্চার হলেও শারীরিক অবস্থার উন্নতি স্থায়ী হয়নি। প্রতিস্থাপনের পর নতুন জটিলতা দেখা দিলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান। রশ্মি লীলার মৃত্যুতে কন্নড় টেলিভিশন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা তাকে একজন পরিশ্রমী ও দৃঢ়চেতা শিল্পী হিসেবে স্মরণ করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোজা রেখেও কাজ করি, ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়: বুবলী
রোজা রেখেও কাজ করি, ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়: বুবলী
অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে আর নেই
অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে আর নেই
‘ভুল মানচিত্র’ বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া
‘ভুল মানচিত্র’ বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া