মন্ত্রী-এমপিদের খুশি করা প্রশাসনের দায়িত্ব নয়: গয়েশ্বর

মন্ত্রী-এমপিদের খুশি করা প্রশাসনের দায়িত্ব নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, প্রশাসনে পেশাদারি বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। মন্ত্রী বা সংসদ সদস্যকে খুশি করা প্রশাসনের দায়িত্ব নয়। হাসিনা দীর্ঘ ১৭ বছর প্রশাসনকে দলীয়করণ করেছেন। আমরা এর পুনরাবৃত্তি দেখতে চাই না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের মির্জাপুরে নিজ বাড়িতে দক্ষিণ শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি মন্ত্রিত্ব হওয়ার জন্য রাজনীতি করিনি। আমি জনগণের প্রতিনিধি হয়ে দেশের জনগণের কথা বলার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমার কোনো দলীয় নেতা বা কর্মীকে খুশি করতে প্রশাসন যদি আইনের বাইরে চলে, তাহলে আমি সংসদে তার বিরুদ্ধে কথা বলব।
নেতাকর্মীদের সতর্ক করে গয়েশ্বর বলেন, আপনাদের ৫০ হাজার ব্যাচ দিয়েছি, আপনার লক্ষাধিক ভোট আমাকে দিতে পারেননি। আপনাদের পরিবারের ভোটগুলো কোথায় গেল? আপনার মা-বউয়ের, সন্তানের ভোটগুলো ম্যানেজ করতে পারেননি। কেরানীগঞ্জের বিভিন্ন কেন্দ্রে ফলাফল হতাশাজনক। পাস তো সবাই করে, কিন্তু পাশের মধ্যে পার্থক্য আছে।
তিনি বলেন, দুর্বল বলে কাউকে আঘাত করবেন না। বাংলাদেশে প্রতিটি নাগরিকের সমান অধিকার আছে। আওয়ামী লীগের সময় সাধারণ মানুষকে প্রশাসন দিয়ে হয়রানি করেছে। আমার নেতাকর্মীদের বলতে চাই, বিএনপির থানার কমিটির অনুমতি ছাড়া কেউ থানায় কোনো কাজে যাবেন না।
সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এ ছাড়া এতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সব স্তরের নেতা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/আরকেএইচ







