• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরিতে নর্থ জোনকে জয় এনে দিলেন আকবর

স্পোর্টস ডেস্ক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ এ.এম.
আকবর আলি-ছবি: সংগৃহীত
আকবর আলি-ছবি: সংগৃহীত

চলমান ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ-এ ব্যাট হাতে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন আকবর আলি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে নর্থ জোনকে বড় ব্যবধানে জয় উপহার দিয়েছেন এই তরুণ ব্যাটার।

ইস্ট জোনের বিপক্ষে প্রথম দিনের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নর্থ জোন পায় বিশাল সংগ্রহ। ইনিংসের কেন্দ্রে ছিলেন আকবর। ৮৭ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১১১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তার আগ্রাসী কিন্তু নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভর করে নর্থ জোন তোলে ৩৩৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি।

জবাবে ব্যাট করতে নেমে ইস্ট জোন শুরুটা ভালো করলেও বড় লক্ষ্যের চাপ সামলাতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ২৮১ রানে। বল হাতে ঘূর্ণি জাদু দেখান রিশাদ হোসেন। তিনি নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। তবে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া সেঞ্চুরির কারণে ম্যাচসেরার পুরস্কার ওঠে আকবরের হাতেই।

ইনিংস শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আকবর বলেন, “প্রথম সবকিছুই ভালো লাগার। আমি যখন প্রিমিয়ার লিগে নামতাম, তখন ব্যাট করার জন্য ওভার কম পেতাম। যেমন ৮৯ রানের একটা ইনিংসেও ওভার শেষ হয়ে গিয়েছিল। কিছু সুযোগও নষ্ট করেছিলাম। এবার যখন ৭০ রান পার করি তখন টার্গেট ছিল আমার হাতে সময় আছে। আমার উচিত সুযোগ কাজে লাগানো।”

আসন্ন পাকিস্তান সিরিজে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “এটায় তো আমার আসলে হাত নেই। আমার কাজ মাঠে ভালো খেলার চেষ্টা করা এবং সেটাই করে যাবো। নির্বাচকদের সাথে আমার কোনো কথা হয় নাই। আমি ম্যাচ শেষ করে প্রেজেন্টেশনে চলে এসেছি। আমার কারো সাথেই কোনো কথা হয়নি।”

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬ হালান্ডকে ‘ছুটি’ নিতে বললেন ব্রাজিলিয়ান তারকা
ছবি: সংগৃহীত
রূপকথার ম্যাচে সেনেগালকে কাঁদিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে বিতর্কিত রেফারি ড্রু ফিশার