আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে বিতর্কিত রেফারি ড্রু ফিশার

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন কানাডিয়ান রেফারি ড্রু ফিশার। বুধবার ফিফা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হবে লড়াই।
৪৫ বছর বয়সী ড্রু ফিশার এর আগে একবার আর্জেন্টিনার ম্যাচে দায়িত্ব পালন করেছেন। তবে ২০২৩ সালের কনকাকাফ নেশনস লিগে বিতর্কিত সিদ্ধান্তের কারণে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন। ওই টুর্নামেন্টে মেক্সিকোকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
ক্যালগারিতে জন্ম নেওয়া ফিশার উত্তর আমেরিকার ফুটবল অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত নাম। নিয়মিত মেজর লিগ সকার (এমএলএস)-এ ম্যাচ পরিচালনা করেন তিনি। এখন পর্যন্ত এমএলএসে ২২৯টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন এই রেফারি। ২০১৫ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবেও কাজ করছেন।
ইন্টার মিয়ামির হয়ে লিওনেল মেসিদের প্রথম লিগ শিরোপা জয়ের ম্যাচেও দায়িত্বে ছিলেন ফিশার। সেই ম্যাচে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়েছিল ইন্টার মিয়ামি।
তবে তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অধ্যায় ২০২৩ সালের কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল। মেক্সিকো ও হন্ডুরাসের সেই ম্যাচে তিনি ভিএআরের দায়িত্বে ছিলেন। মূল রেফারি ইভান বার্টনকে অতিরিক্ত সময় বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন তিনি।
পরে বার্টন বলেন, ‘ভিএআর কক্ষে থাকা কানাডিয়ান রেফারি আমাকে বলেছিলেন, ৯ মিনিট ৪০ সেকেন্ড অতিরিক্ত সময় দিতে হবে। আমি নয় মিনিট দিই। নয় মিনিট শেষ হওয়ার পর আবার ভিএআর থেকে আমাকে বলা হয়, বার্টন, আরও দুই মিনিট যোগ করতে হবে।’
পরে অতিরিক্ত সময়ের দশম মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরায় মেক্সিকো। এরপর টাইব্রেকারে জিতে সেমিফাইনালে ওঠে তারা। এই সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। কয়েকদিন পর আরও সমালোচনা বাড়ে, যখন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফাইনালের দায়িত্বও দেওয়া হয় ফিশারকে। যদিও সেই ম্যাচে ২-০ ব্যবধানে জেতে যুক্তরাষ্ট্র।
আর্জেন্টিনার ম্যাচে এখন পর্যন্ত মাত্র একবার দায়িত্ব পালন করেছেন এই কানাডিয়ান রেফারি। ২০২৪ কোপা আমেরিকার আগে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে ইকুয়েডরকে হারায়। অ্যাঞ্জেল দি মারিয়ার একমাত্র গোলে জেতা সেই ম্যাচ ছিল কোপা আমেরিকার প্রস্তুতির অংশ। পরে লিওনেল স্কালোনির দল টুর্নামেন্টের শিরোপাও জেতে।
এবারই প্রথম বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন ড্রু ফিশার। ইতোমধ্যে তিনি দুটি ম্যাচ পরিচালনা করেছেন। একটি ছিল ফ্রান্সের ৩-০ গোলে ইরাককে হারানোর ম্যাচ এবং অন্যটি ক্রোয়েশিয়ার ২-১ গোলে ঘানাকে হারানোর লড়াই।
এ ছাড়া গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও দুটি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে বোটাফোগোর বিপক্ষে পিএসজির হার এবং আল-আইনের জয়ের ম্যাচও ছিল।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য