• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বেলজিয়াম-সেনেগাল মহারণ আজ, শেষ ষোলোর টিকিট কার?

   ২ জুলাই ২০২৬, ০২:২১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে আজ জমে উঠছে ইউরোপ বনাম আফ্রিকার লড়াই। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে মুখোমুখি হচ্ছে ইউরোপের শক্তিশালী দল বেলজিয়াম এবং আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল। গ্রুপ পর্বে ধীরগতির শুরু হলেও শেষ ম্যাচে বড় জয় পাওয়ায় আত্মবিশ্বাসে উজ্জীবিত দুই দলই।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের সিয়াটল স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। বাংলাদেশে সরাসরি খেলা দেখা যাবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভিতে। এছাড়া টফি, বায়োস্কোপ, আই-স্ক্রিন, মাই রবি এবং মাই এয়ারটেল অ্যাপেও অনলাইনে ম্যাচটি উপভোগ করা যাবে।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মিশর ও ইরানের সঙ্গে ড্র করে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বেলজিয়াম। তবে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। সেই জয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে জয় পায় ইউরোপের দলটি। ম্যাচে জোড়া গোল করে আলোচনায় আসেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে আক্রমণভাগে নিজের উপস্থিতি জানান দেন রোমেলু লুকাকু। মাঝমাঠে কেভিন ডি ব্রুইনের অভিজ্ঞতা ও নিখুঁত পাসিং এখনও দলের বড় ভরসা।

অন্যদিকে সেনেগালের নকআউট যাত্রা ছিল কঠিন। প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে বিদায়ের শঙ্কায় পড়ে যায় দলটি। তবে শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেরা তৃতীয় দল হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করে আফ্রিকান চ্যাম্পিয়নরা।

সেনেগালের আক্রমণভাগে এখন সবচেয়ে বড় নির্ভরতার নাম ইসমাইলা সার। ইতোমধ্যে তিনি করেছেন ৩ গোল ও একটি অ্যাসিস্ট। অভিজ্ঞ সাদিও মানে এবং মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইদ্রিসা গানা গুইয়েও দলের অন্যতম ভরসা।

ফুটবল ইতিহাসে এই প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম ও সেনেগাল। পরিসংখ্যানের বিচারে আফ্রিকান দলগুলোর বিপক্ষে বেলজিয়াম বেশ সফল। আফ্রিকার দলের বিরুদ্ধে খেলা ৬ ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা। অন্যদিকে বিশ্বকাপে ইউরোপীয় দলের বিপক্ষে নিজেদের শেষ চার ম্যাচেই পরাজিত হয়েছে সেনেগাল।

নকআউট পর্বের অভিজ্ঞতায়ও এগিয়ে বেলজিয়াম। ২০১৮ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল তারা। অন্যদিকে সেনেগালের সেরা সাফল্য ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ওই আসরে শেষ ষোলোতে সুইডেনকে হারিয়ে ইতিহাস গড়লেও এরপর আর নকআউট পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি দলটি।

আজকের ম্যাচে বেলজিয়াম ভরসা রাখবে তাদের অভিজ্ঞ ও তারকাসমৃদ্ধ স্কোয়াডের ওপর। আর সেনেগালের মূল শক্তি হবে গতি, শারীরিক সক্ষমতা এবং দ্রুত পাল্টা আক্রমণ। সব মিলিয়ে সিয়াটলে দর্শকদের জন্য অপেক্ষা করছে উত্তেজনাপূর্ণ এক ফুটবল লড়াই।

সম্ভাব্য একাদশ

বেলজিয়াম: থিবো কোর্তোয়া, টিমোথি কাস্তানিয়ে, জেনো ডেবাস্ট, আর্থার থিয়াতে, ম্যাক্সিম ডে কুইপার, আমাদু ওনানা, ইউরি তিলেমান্স, কেভিন ডি ব্রুইনে, জেরেমি ডোকু, লিয়ান্দ্রো ট্রোসার্ড ও রোমেলু লুকাকু।

সেনেগাল: এদুয়ার মেন্ডি, আন্তোয়ান মেন্ডি, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, ইসমাইল ইয়াকবস, ইদ্রিসা গানা গুইয়ে, পাপে মাতার সার, লামিন কামারা, ইসমাইলা সার, সাদিও মানে ও নিকোলাস জ্যাকসন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের বিপক্ষে ডিআর কঙ্গোর লিড
ইংলিশদের মাথায় হাত, ডিআর কঙ্গোর লিড
বিশ্বকাপে ঐতিহাসিক জয়, উদযাপন করতে গিয়ে ৩ জনের প্রাণহানি
বিশ্বকাপে ঐতিহাসিক জয়, উদযাপন করতে গিয়ে ৩ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত
বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: ইয়ামাল