• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশেষ ফ্লাইটে দুবাই থেকে দেশে ফিরেছেন ১৮৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক    ৫ মার্চ ২০২৬, ০৯:১৭ এ.এম.
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন-ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট চলাচল স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্স পরিচালিত একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।

বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে নিয়মিত ফ্লাইট বাতিল হওয়ায় বহু বাংলাদেশি যাত্রী দুবাই ও আশপাশের এলাকায় আটকে পড়েন। তাদের দেশে ফেরাতে মানবিক উদ্যোগ নেয় ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এর আগে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ লাঘবে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে ফ্লাইটটি আবুধাবীর উদ্দেশ্যে উড্ডয়ন করে। পরে আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) একই উড়োজাহাজ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালিত হয়। ঢাকা/চট্টগ্রাম-আবুধাবী রুটের ফ্লাইট নম্বর ছিল বিএস-৩৪৯ এবং আবুধাবী-ঢাকা রুটের ফ্লাইট নম্বর ছিল বিএস-৩৫০।

কর্তৃপক্ষ আরও জানায়, আবুধাবী বিমানবন্দর পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইত্তেহাদসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

এদিকে, জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ২৮ জন ফ্লাইট ক্রু গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে আছেন। তাদের দেশে ফিরিয়ে আনতেও উদ্যোগ নেওয়া হয়েছে। ৪ মার্চ বিএস-৩৪২ ফ্লাইটের মাধ্যমে তাদের ফেরানোর পরিকল্পনা করা হয়।

এ ছাড়া যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চলমান অস্থিরতার মধ্যেও প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে এই বিশেষ ফ্লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল
মহাখালীতে টিকিটি আছে বাস নেই, সায়েদাবাদে বাস খালি যাত্রী নেই
মহাখালীতে টিকিটি আছে বাস নেই, সায়েদাবাদে বাস খালি যাত্রী নেই
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার