• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক    ৫ মার্চ ২০২৬, ০৩:৫০ পি.এম.
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-ছবি: সংগৃহীত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-ছবি: সংগৃহীত

কৃচ্ছ্রতা নীতির অংশ হিসেবে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এখন থেকে ৫০ শতাংশ লাইট এবং ৫০ শতাংশ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) কম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কক্ষে এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর ২০১ নম্বর কক্ষসহ তার দপ্তরের সব কক্ষেই নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী অনেক লাইট ও এসি বন্ধ রাখা হচ্ছে এবং দিনের বেলায় বাইরের প্রাকৃতিক আলো ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তার দপ্তরে এখন থেকে অর্ধেক লাইট ও এসি বন্ধ রাখা হচ্ছে। একই সঙ্গে দিনের বেলায় কক্ষের জানালার পর্দা খোলা রেখে সূর্যের আলো সর্বোচ্চ ব্যবহার করার ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার বাস্তব প্রয়োগ দেখা গেছে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া ওই বৈঠক অর্ধেক লাইট ও এসি ব্যবহার করেই পরিচালনা করা হয়। এতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় এবং সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

সরকারি সূত্র জানায়, বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অন্য সরকারি দপ্তরসহ সাধারণ মানুষের মধ্যেও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সচেতনতা বাড়বে বলে মনে করা হচ্ছে।

আতিকুর রহমান রুমন আরও জানান, প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে দেশের সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের অনুরূপ উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতেও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

জাতীয় স্বার্থে বিদ্যুতের অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সামান্য সাশ্রয়ও দেশের জন্য বড় অবদান রাখতে পারে। তাই বিদ্যুৎ ব্যবহারে সংযম ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান
দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ: নৌ প্রতিমন্ত্রী
ডা. জুবাইদা রহমান
সব জেলায় জরুরি ও জটিল চিকিৎসা নিশ্চিত করুন: ডা. জুবাইদা রহমান
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ