ইরানের পাল্টা হামলা: তিন দেশে ২২০ মার্কিন সেনা হতাহত

ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় তিনটি দেশে পাল্টা হামলা চালিয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। এসব হামলায় মোট ২২০ জন মার্কিন সৈন্য ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হামলায় ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি শনিবার জানান, বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে চালানো হামলায় ২১ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটিতে হামলার সময় প্রায় ২০০ জন মার্কিন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছেন। এছাড়া পারস্য উপসাগরের উত্তরাংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালায় বলে অভিযোগ করে তেহরান। ইরানের দাবি, এর প্রায় আট মাস আগে তারা উসকানিমূলক হামলা চালিয়ে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতেও আঘাত হানে।
ইরানের ভাষ্য অনুযায়ী, ওই হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, শত শত বেসামরিক নাগরিক এবং কয়েকজন সামরিক কমান্ডার নিহত হন।
এর জবাবে ইরান দ্রুত পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।
ইরানি কর্মকর্তারা বলেছেন, এসব হামলা কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনা ও স্বার্থকে লক্ষ্য করে চালানো হচ্ছে। যেসব দেশের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি রয়েছে, তাদের প্রতি ইরানের কোনো শত্রুতা নেই বলেও তারা দাবি করেছেন।
ভিওডি বাংলা/আ







