• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদি হত্যার মূল পরিকল্পনাকারীসহ দুইজনের ১৪ দিনের রিমান্ড

ভিওডি বাংলা ডেস্ক    ৮ মার্চ ২০২৬, ১০:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মামলার প্রধান পরিকল্পনাকারী রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় আদালত।

রোববার (৮ মার্চ) উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তাদের হাজির করা হলে বিচারক এই নির্দেশ দেন। তবে বর্তমানে তাদের কোথায় রাখা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এর আগে শনিবার রাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে বনগাঁ এলাকা থেকে, যা বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুই আসামি আবারও অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন এবং সেই উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন দীর্ঘদিন বনগাঁয়ে আত্মগোপনে ছিলেন। সুযোগ বুঝে তারা আবার বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিলেন। এসটিএফ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে দুজনই হাদি হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিলেন।

তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছিল।

গত বছরের ২৬ ডিসেম্বর জানা যায়, হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীরকে ভারতে পালাতে সাহায্য করার অভিযোগে দুই ভারতীয় নাগরিককে শনাক্ত করে মেঘালয় পুলিশ। তখন সামি ও পুত্তি নামে তাদের গ্রেপ্তার করা হয়েছিল বলে বিভিন্ন সূত্রে খবর আসে, যদিও পরে মেঘালয় পুলিশ আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করে।

ফয়সাল ও আলমগীরের গ্রেপ্তার পূর্বে ধারণা করা হচ্ছিল, তারা মেঘালয় বা আসামের কোথাও আত্মগোপনে রয়েছেন। সীমান্তবর্তী এলাকায় তদন্ত ও নজরদারির পর তাদের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে মোটরসাইকেল আরোহী হেলমেট পরা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে হাইকোর্টের রুল
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে হাইকোর্টের রুল
বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার নির্দেশ
বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার নির্দেশ
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল