মালদ্বীপে বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর দগ্ধ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পরে গেস্টহাউসের ভেতর থেকে সাতজন বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। গুরুতর আহত দুই বাংলাদেশি কর্মী হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের ফলে গেস্টহাউসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।
তিনি আরও জানান, ঘটনাস্থলে খোঁজখবর নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত তাদের পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, স্থানীয় প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক নেমে এসেছে।
ভিওডি বাংলা/এমএস







