ঈদে ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকদের জন্য বিশেষ চমক

জনপ্রিয় কমেডি ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর আসন্ন ঈদে ফিরছে এই সিরিজের বিশেষ নতুন অধ্যায়। পঞ্চম মৌসুমের অংশ হিসেবে এবার ঈদের বিশেষ দশম অধ্যায়ে থাকবে নতুন আটটি পর্ব।
এবারের সবচেয়ে বড় চমক হচ্ছে ‘আরেফিন’ চরিত্রের প্রত্যাবর্তন। দীর্ঘ বিরতির পর এই চরিত্রের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন অভিনেতা শামীম হাসান সরকার।
পরিচালক কাজল আরেফিন অমি জানিয়েছেন, কাবিলা-পাশাদের ব্যাচেলর ফ্ল্যাটে আরেফিনের ফিরে আসা নতুন সব নাটকীয়তা ও হাস্যরস তৈরি করবে। এই প্রত্যাবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিনেতা তৌসিফ মাহবুব, যিনি নেহাল চরিত্রে অভিনয় করেন। তার উদ্যোগেই দীর্ঘদিনের দূরত্ব ও অভিমান দূর হয়েছে বলে জানান নির্মাতা।
অমি বলেন, আরেফিনকে ছাড়া ব্যাচেলর পয়েন্টের মূল দল অসম্পূর্ণ। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন—এই পাঁচ বন্ধুকে আবার একসঙ্গে পর্দায় দেখে শুটিংয়ের সময় তিনি নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন।
এবারের ঈদে পরিচালক কাজল আরেফিন অমির অন্য কোনো কাজ আসছে না। পুরো সময় তিনি দিয়েছেন ব্যাচেলর পয়েন্টের এই বিশেষ অধ্যায় নির্মাণে। একটি ওটিটি প্ল্যাটফর্মে একচেটিয়াভাবে ৭৩ থেকে ৮০ নম্বর পর্বগুলো দেখা যাবে। ঈদের বিশেষ আয়োজনের অংশ হিসেবে দর্শকেরা এই পর্বগুলো উপভোগ করতে পারবেন।
কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই মৌসুমে বরাবরের মতো অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব ও চাষী আলম। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্চিতা স্পর্শিয়া ও লামিয়া লামকে।
ভিওডি বাংলা/আ







