নিউইয়র্কে অবতরণের সময় বিমান-গাড়ির সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লা গার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় ভূমিতে থাকা একটি অগ্নিনির্বাপক গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় এ ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দুটি সূত্রের বরাতে জানা গেছে, এয়ার কানাডার একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে দমকল বাহিনীর একটি ট্রাকের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। ঘটনা ঘটে লা গার্ডিয়ার রানওয়ে ৪-এ।
নিউইয়র্ক পুলিশ বিভাগের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, বিমান এবং নিউইয়র্ক পোর্ট অথরিটির একটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ঘটনাটি তদন্ত করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, পাইলট ও কো-পাইলট গুরুতর আহত হয়েছেন। এছাড়া একজন সার্জেন্ট ও একজন পুলিশ কর্মকর্তার হাত-পা ভেঙেছে; তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং স্থিতিশীল আছেন। অন্য কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীবাহী বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে আছে। ককপিটের ওপরের অংশ এবং সামনের ফিউজেলাজের নীচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। সংঘর্ষের সময় বিমানটি অবতরণ করছিল এবং ঘণ্টায় প্রায় ৩০ মাইল বেগে চলছিল।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি ছিল বোম্বার্ডিয়ার সিআরজে-৯০০ টুইন-জেট এবং এয়ার কানাডা এক্সপ্রেস মন্ট্রিল থেকে পরিচালনা করছিল।
সূত্র : সিবিএস নিউজ
ভিওডি বাংলা/আ







