আরব সাগরে পাকিস্তান-চীনের নৌ মহড়া

দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদারে যৌথ উদ্যোগ—সফলভাবে শেষ হলো পাকিস্তান ও চীনের নৌ মহড়া ‘সি গার্ডিয়ান-৪’।
পাকিস্তান নৌবাহিনী এবং চীনের নৌবাহিনীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা শক্তিশালী করা। বিষয়টি জানিয়েছে দেশটির গণমাধ্যম।
পাকিস্তানের সামরিক জনসংযোগ বিভাগ জানায়, গত ২৫ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মহড়াটি অনুষ্ঠিত হয়। এর মধ্যে করাচি বন্দরে পাঁচ দিনের ‘বন্দর পর্ব’ এবং উত্তর আরব সাগরে দুই দিনের ‘সমুদ্র পর্ব’ অন্তর্ভুক্ত ছিল।
করাচি বন্দরে অবস্থানকালে চীনা নৌবাহিনীর জাহাজকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘তাইমুর’।
বন্দর পর্বে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময়, নৌ স্থাপনা পরিদর্শন, পেশাগত আলোচনা এবং বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হয়, যা পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
অন্যদিকে সমুদ্র পর্বে যৌথ সামরিক মহড়া ও কৌশলগত অনুশীলনের মাধ্যমে দুই নৌবাহিনীর সমন্বয় আরও জোরদার করা হয়।
মহড়ার শেষ দিনে আরব সাগরে যৌথ টহলের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে। এর মাধ্যমে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







